দৈনিক খুলনা
The news is by your side.

দাকোপে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

35

দাকোপ :

খুলনার দাকোপে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাশের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে দাকোপ উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দায়িত্ব পালনকালে সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

মানববন্ধনে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল্লাহ, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা অনিন্দ্য কুমার দাশের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।