দৈনিক খুলনা
The news is by your side.

নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর কাদামাখা মরদেহ উদ্ধার

27

সাতক্ষীরা :

নিখোঁজের দুই দিন পর সাতক্ষীরার আশাশুনিতে কালাম সরদার (৬০) নামে এক ব্যবসায়ীর কাদামাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার আগরদাঁড়ি গ্রামের বড় ভাই নূর ইসলামের বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কালাম সরদার আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। তিনি গ্রাম থেকে বিভিন্ন ধরনের ফল কিনে বাজারে বিক্রি করতেন।

নিহতের ছেলে গোলাম কিবরিয়া জানান, শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পাশের মোড়ে চা খাওয়ার কথা বলে তার বাবা বাড়ি থেকে বের হন। এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে সোমবার সকালে আশাশুনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি আরও জানান, জমি নিয়ে তার বাবা ও বড় চাচা নূর ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার বাবার দাবি করা জমি নিয়ে ২০২৪ সালে সাতক্ষীরা সিভিল আদালতে একটি মামলাও করেন নূর ইসলাম। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ আরও তীব্র হয় বলে জানান তিনি।

সোমবার বেলা ১১টার দিকে প্রতিবেশী সালেহা খাতুন নূর ইসলামের বাড়ির পেছনে কাদামাখা অবস্থায় কালাম সরদারের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের ঘাড়, গলা ও কোমরের চামড়া ছিলে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।