দৈনিক খুলনা
The news is by your side.

খুলনার বটিয়াঘাটায় যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, জেলা যুবদলের নিন্দা

7

খুলনার বটিয়াঘাটা উপজেলায় যুবদল নেতা ও সদস্য সচিব মো. বাহাদুর মুনিরের বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা জেলা যুবদল।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা যুবদল নেতা মো. বাহাদুর মুনিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির একটি জানালায় এবং অপরটি দরজায় আঘাত করে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

৮ আগস্ট খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ এবং সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনিসহ সংগঠনের নেতারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এক প্রতিবাদ বার্তায় জেলা যুবদলের নেতারা বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।

নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার তদন্ত নিশ্চিত করে জড়িত অপরাধীদের চিহ্নিত ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।