বেনাপোল :
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন, কাস্টমস ও প্যাসেঞ্জার টার্মিনাল পরিদর্শন করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি-স্পেশাল ব্রাঞ্চ) সরদার নুরুল আমিন।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি বেনাপোল চেকপোস্টে পৌঁছান। এ সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে এসবি প্রধান বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন ও কাস্টমসের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। তিনি বাংলাদেশ-ভারত যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না, তা জানতে চান। ভারতফেরত যাত্রীদের পাসপোর্টের কার্যক্রম কীভাবে সম্পন্ন করা হচ্ছে, তা ইমিগ্রেশন ডেস্কে গিয়ে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন, নাভারন সার্কেলের এএসপি আরিফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে এসবি প্রধান বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শন করেছেন। এ সময় তিনি ইমিগ্রেশনের সব কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং বেশ কিছু বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি যশোরের উদ্দেশে বেনাপোল ত্যাগ করেন।
পরিদর্শন শেষে সরদার নুরুল আমিন বলেন, দেশের ২৭টি আন্তর্জাতিক ল্যান্ডপোর্ট ও বিমানবন্দরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পোর্টট্র্যাক সিস্টেম চালু রয়েছে। যাত্রীদের যাতায়াত আরও সহজ, আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
তিনি আরও বলেন, ভারত ট্যুরিস্ট ভিসা চালু করেছে। ফলে দুই দেশের যাত্রীদের যাতায়াত বাড়বে। তাদের সুবিধার্থে প্রয়োজনীয় জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উন্নত যাত্রীসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।