দাকোপ :
খুলনার দাকোপে শহিদুল পাড় (২৪) নামে মাই টিভির এক ভুয়া সাংবাদিককে পুলিশ আটক করেছে। তিনি দীর্ঘদিন ধরে মাই টিভির ভুয়া পরিচয়পত্র ও লোগো ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদর চালনা ডাকবাংলা মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক শহিদুল পাড় উপজেলার কামারখোলা ইউনিয়নের জয়নগর এলাকার ইসমাইল পাড়ের ছেলে।
এ ঘটনায় মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক বাদী হয়ে দাকোপ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মাই টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক জানান, শহিদুল দীর্ঘদিন ধরে মাই টিভির ভুয়া পরিচয়পত্র ও লোগো ব্যবহার করে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। বিষয়টি জানতে পেরে তাকে ধরার জন্য নজরদারি করা হয়। পরে সোমবার চালনা ডাকবাংলা মোড় থেকে মাই টিভির ভুয়া পরিচয়পত্র ও লোগোযুক্ত সামগ্রীসহ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার বলেন, শহিদুলের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।