মানব সেবা ও সামাজিক উন্নয়ন সংস্থা (মাসাস)-এর উদ্যোগে মানবাধিকার ও নারীর অধিকার বিষয়ে সরকারি অংশীজনদের নিয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার খুলনার বিএডব্লিউসিসিআই মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, বটিয়াঘাটা, ডুমুরিয়া ও রূপসা উপজেলার সমাজসেবা কর্মকর্তা, বটিয়াঘাটা, ডুমুরিয়া ও রূপসা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা, বটিয়াঘাটা, ডুমুরিয়া ও রূপসা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা, সোনাডাঙ্গা ও সদর থানার শিশু ও নারী বিষয়ক কর্মকর্তা এবং খুলনা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন মানব সেবা ও সামাজিক উন্নয়ন সংস্থা (মাসাস)-এর নির্বাহী পরিচালক শামীমা সুলতানা। কর্মশালায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মানবাধিকার, নারীর অধিকার, সরকারি সেবার কার্যকর সমন্বয় এবং অধিকারভিত্তিক সেবা নিশ্চিতকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা এবং খুলনা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম।
প্রশিক্ষণে বক্তারা বলেন, মানবাধিকার ও নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগ এবং দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ধরনের প্রশিক্ষণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা বিষয়ভিত্তিক আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশীজনদের মধ্যে মানবাধিকার ও নারীর অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।