দৈনিক খুলনা
The news is by your side.

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, শিক্ষক সমিতির অংশগ্রহণ

20

যথাযোগ্য গুরুত্ব ও তাৎপর্যের মধ্য দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পালিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসব কর্মসূচিতে কুয়েট শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত সমন্বিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বক্তব্যে তিনি বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সম্মিলিত দায়িত্ববোধের চেতনাকে স্মরণ করিয়ে দেয়।

দেশের কল্যাণ ও অগ্রগতির জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” কুয়েট শিক্ষক সমিতির সভাপতি ও ইসিই বিভাগের প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন তাঁর বক্তব্যে বলেন, “ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় জীবনে ঐক্য, সার্বভৌমত্ব রক্ষা ও রাষ্ট্রীয় সংহতির এক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি আধুনিক ও মেধাভিত্তিক বাংলাদেশ গঠনে জাতীয় সংহতির এই চেতনা পুনরুজ্জীবিত করা জরুরি।”

শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য প্রফেসর ড. এম. এম. এ. হাসেম তাঁর বক্তব্যে বলেন, “প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি জাতীয় চেতনা ও দায়িত্ববোধ ধারণ করতে হবে।” এ ছাড়া বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ শাহাজাহান আলী।

তিনি বলেন, “জাতীয় ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধই সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সহায়ক।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোঃ হাসান আলী।