দৈনিক খুলনা
The news is by your side.

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

36

ঢাকা :

বিভিন্ন রাজনৈতিক দল সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানালেও সরকার বিষয়টি আমলে নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি ‘পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি শারীরিক কারণে পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্পিকার তা গ্রহণ করেছেন। সাংবিধানিক বিধান অনুসারে বর্তমানে স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ‘বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল, এনসিপিসহ, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। গণঅভ্যুত্থানের পর আমরা চাই রাজনৈতিকভাবে মানুষের মতপ্রকাশ ও প্রতিবাদ করার স্বাধীনতা থাকুক। তবে তাদের উত্থাপিত অভিযোগের ভিত্তিতে সরকার আমলে নেওয়ার মতো কোনো আইনি বিষয় খুঁজে পায়নি।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাংবিধানিক দায়মুক্তি (ইমিউনিটি) ও বিশেষ অধিকার (প্রিভিলেজ) ভোগ করেছেন। সে সময় দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ড নিয়ে ফৌজদারি মামলা করার সুযোগ নেই।

তবে তিনি স্পষ্ট করে বলেন, দায়িত্ব পালনের সময়ের বাইরে সংঘটিত কোনো ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করলে তা দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথভাবে বিবেচনা করা হবে।