দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরা রেঞ্জে ৩দিনের পারমিশন বন্ধ, ক্ষুব্ধ ট্যুর ব্যবসায়ীরা 

6
সাতক্ষীরা প্রতিনিধি:
সড়কপথে সুন্দরবন ভ্রমণে সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের গ্রহণযোগ্যতা দিন দিন বেড়েই চলেছে। সুন্দরবন বললেই চোখের সামনে ভেসে ওঠে রয়েল বেঙ্গল টাইগারের গর্জন, কুমিরের রোদ পোহানো আর হরিণের দল। কিন্তু সাতক্ষীরার পশ্চিম সুন্দরবন রেঞ্জ যেন তার চেয়েও এক ধাপ এগিয়ে। এ যেন বিধাতার নিজ হাতে তৈরি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি।
মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও কদমতলা যে পথেই আপনি ভ্রমণ করবেন, ট্রলার ছাড়লেই শুরু হয় মুগ্ধতা। দুই পাশে সারি সারি গরান, গেওয়া, কেওড়া আর সুন্দরী গাছের সবুজ দেয়াল। তার মাঝ দিয়ে বয়ে চলেছে খোলপেটুয়া, কালিন্দী, কপোতাক্ষ আর রায়মঙ্গল নদী। উজার করে দিয়েছে প্রকৃতির সব নিদর্শন। ভাটার সময় জেগে ওঠা চরে শত শত লাল কাঁকড়ার ছোটাছুটি, জোয়ারের সময় ডলফিনের লাফ দেখলে মনে হয়, এ কোনো সিনেমার দৃশ্য নয়, এটাই বাস্তব সুন্দরবন। একমাত্র সহজ উপায়ে সাতক্ষীরা দিয়েই এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়।
কিন্তু সুন্দরবনের এই মনোরম দৃশ্য আপাতত উপভোগ করতে পারছেন না দর্শনার্থীরা। বিগত ৬ নভেম্বর সুন্দরবন ঘুরতে এসে ময়মনসিংহের ভালুকার রিয়াজ আহমেদ নামে এক পর্যটক নিখোঁজ হন। বনবিভাগ ও কোস্টগার্ডের বিরতিহীন উদ্ধার অভিযানে ৮ নভেম্বর রাতে আলোরকোলের মাথারখালের চর থেকে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণে মৌখিক অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে বিভাগীয় বন কর্মকর্তা।
গত ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে মিটিংয়ে মৌখিকভাবে তিন দিনের পারমিশন বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটক চলাফেরা করে, তবে এমন ঘটনা আগে ঘটেনি। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই কারণে যদি পারমিশন বন্ধ হয় তাহলে কিছু করার নেই। আমরা আগামীকাল মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির মালিক ও শ্রমিকরা মিলে একটা সিদ্ধান্ত নিয়ে ডিএফও মহোদয়ের কাছে যাবো।
এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠ বডি ট্রলারে তিন দিনের পারমিশন বন্ধ আছে। আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠ বডিতে তিন দিনের পারমিশন দেওয়া হবে না। তবে এক দিনের পারমিশন পূর্বের নিয়মে চলবে। তিন দিনের পারমিশন বন্ধের পরিপত্র জারি করার প্রস্তুতি চলছে।
এই নিষেধাজ্ঞা কত দিন চলতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহলে আলোচনা হচ্ছে। পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, বন বিভাগ ও ট্যুর অপারেটর সূত্রে জানা যায়, খুলনা দিয়ে প্রবেশ করে গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ সালে কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা যান মাহিত আব্দুল্লাহ (১৬) নামের এক কিশোর পর্যটক। এ ছাড়া ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালি বোট ডুবে যায়। তবে এ ঘটনায় ১৩ পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া ২০২৫ সালে ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে আরো একটি জালিবোট ডুবে গিয়েছিল।