দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় মানবাধিকার সচেতনতায় ব্যতিক্রমী সাংস্কৃতিক উৎসব

25

সাতক্ষীরা:

“সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সচেতনতার অভিযাত্রা” প্রতিপাদ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ে মানবাধিকার বিষয়ক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নেটজ বাংলাদেশ ও বিএমজেডের সহায়তায় এবং রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) বাস্তবায়িত ‘হোপ’ প্রকল্পের উদ্যোগে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ উৎসবের আয়োজন করা হয়।

মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি নাটক, গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। এতে স্থানীয় সাধারণ মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিইব হোপ প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর রুহি নাজ এবং প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান। বক্তারা মানবাধিকার রক্ষায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জেলা সিএসও সদস্য আসাদুজ্জামান সরদার হোপ প্রকল্পের কার্যক্রম ও মানবাধিকার বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।

অনুষ্ঠানে শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়, খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয় এবং সুন্দরবন টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মানবাধিকারভিত্তিক নাটক, সচেতনতামূলক গান ও কবিতা আবৃত্তি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা সিএসও সদস্য মাহফুজা পারভীন লিপি। ##