দৈনিক খুলনা
The news is by your side.

তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে কেশবপুরে ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

4

কেশবপুর (যশোর) প্রতিনিধি

দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত জননেতা তরিকুল ইসলামের স্মরণসভা সফল করার লক্ষ্যে যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা, পৌর ও কলেজ শাখার যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান। সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ।

আগামী শুক্রবার (২০ নভেম্বর) প্রয়াত জননেতা তরিকুল ইসলামের স্মরণসভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় বিভিন্ন সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহনেওয়াজ ইমরান বলেন, প্রয়াত জননেতা তরিকুল ইসলাম ছিলেন দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার এক উজ্জ্বল নাম। তাঁর রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর স্মরণসভা সফল করতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্মরণসভাকে সুশৃঙ্খল ও সফল করে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে আজিজুর রহমান আজিজ বলেন, প্রয়াত তরিকুল ইসলাম শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন দক্ষিণাঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের প্রতীক। তাঁর অবদান কেশবপুরসহ সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। আগামী ২০ নভেম্বরের স্মরণসভা সফল করতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, কেশবপুর উপজেলা ছাত্রদলের সদস্য আশরাফুজ্জামান রুমি, কেশবপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, কেশবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান এবং যশোর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও যশোর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন লিটনসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা প্রয়াত জননেতা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, সাংগঠনিক অবদান ও দক্ষিণাঞ্চলের উন্নয়নে তাঁর ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আগামী ২০ নভেম্বরের স্মরণসভা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।