দৈনিক খুলনা
The news is by your side.

সাংস্কৃতিক পরিবেশনায় মানবাধিকার সচেতনতার বার্তা

22

কেশবপুর :

সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সচেতনতার অভিযাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর শহরের ভৈরব চত্বরে জেলা পর্যায়ে মানবাধিকার বিষয়ক এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নেটজ বাংলাদেশ ও বিএমজেডের সহায়তায় এবং রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) বাস্তবায়িত ‘হোপ’ (HOPE) প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানবাধিকার, সমতা, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সচেতনতামূলক নাটক, সংগীত, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নারী, শিশু এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ, সহিংসতা রোধ এবং মানবিক মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে যশোর জেলার ১২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা দেশাত্মবোধক ও সচেতনতামূলক গান, কবিতা আবৃত্তি এবং সামাজিক সচেতনতা বিষয়ক নাটক পরিবেশন করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে মানবাধিকার, শিক্ষা, সমতা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং ব্যাপক প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানে স্থানীয় সাধারণ জনগণ, শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যশোরের ভৈরব চত্বর প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তব্য দেন রিইব হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান। তিনি বলেন, মানবাধিকার শুধু একটি ধারণা নয়, এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার ও মর্যাদার প্রশ্ন। নাটক, গান ও কবিতার মতো সাংস্কৃতিক মাধ্যম মানুষের চিন্তা-চেতনা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানবাধিকার, সমতা, শিক্ষা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশু ও তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সহায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন রিইব হোপ প্রকল্পের টেকনিক্যাল সমন্বয়কারী নারগীস পারভীন, এরিয়া সমন্বয়কারী হোসনেয়ারা খানম, উজ্জ্বল কুমার, জয়ন্ত দাস ও অশোকা দাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা সিএসও-এর সভাপতি অনুপমা মিত্র, সদস্য অর্ঘ দাস, রকিবুল নয়ন, হাবিবুর রহমান ও সুকান্ত দাস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিএসও-এর সাধারণ সম্পাদক শাহজাহান নান্নু।

আয়োজকরা জানান, মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।