তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলা পরিষদের উদ্যোগে তেরখাদা উপজেলায় গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তেরখাদা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ চারা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী এবং খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মমিনুর রহমান। বিশেষ বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তারা। একই সঙ্গে বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে কর্মসূচিকে সফল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা উপকারভোগীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।