দৈনিক খুলনা
The news is by your side.

সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে মামলা করে গোটা পরিবার বাড়িছাড়া

42

মোরেলগঞ্জ :

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে এক বৃদ্ধকে হামলা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করার পর আসামিদের হুমকির মুখে পুরো পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন মামলার বাদী রুবি আক্তার।

শনিবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় বাবার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তিনি।

রুবি আক্তার বলেন, গত ২১ আগস্ট সন্ধ্যায় তার বাবা সরোয়ার তালুকদার (৫৮) জিউধরা বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার কয়েকজনের হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাকে হাতুড়ি দিয়ে মারধর করে দুই পা ভেঙে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রুবি আক্তার জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ২৫ আগস্ট মোরেলগঞ্জ থানায় সোহেল হাওলাদার, বাহাদুর খানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পর আসামিদের পক্ষ থেকে মামলা প্রত্যাহারের জন্য তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও নিরাপত্তার কারণে তিনি, তার ভাই ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে থাকতে পারছেন না। ফলে তারা বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে অবস্থান করছেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিহার বৈরাগী বলেন, মামলার আসামি সোহেল হাওলাদার ও বাহাদুর খান পলাতক রয়েছেন। রিয়াদ ও বাইজিদ খান জেলহাজতে রয়েছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত বিষয় বেরিয়ে আসবে।