দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

49

ফকিরহাট :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন, আদর্শ ও বিপুল সৃষ্টিসম্ভারকে জাতীয় পর্যায়ে নতুনভাবে তুলে ধরতে সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। মুখ্য আলোচক ছিলেন নয়া ধুমকেতুর চেয়ারম্যান ও জাতীয় কবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক এ এইচ এম জামাল উদ্দীন। স্বাগত বক্তব্য দেন ফকিরহাটের সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান, বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ, উপজেলা এনসিপির সভাপতি মো. মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের নেতা মো. খায়রুল বাসারসহ অন্যরা।

বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম সম্পর্কে আগ্রহ তৈরি করতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুণ্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে জাতীয় কবির সাহিত্য ও দর্শনের সঙ্গে নতুন প্রজন্মকে আরও গভীরভাবে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।