দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে ঘের বিরোধের জের, ছাত্রদল নেতার বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

21

মোরেলগঞ্জ :

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্য ঘেরের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের দুদিন পর ছাত্রদল নেতা ও তার বড় ভাইয়ের যৌথ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উত্তর সুতালড়ী গ্রামের রাকিব হাওলাদারের বসতঘরে এ ঘটনা ঘটে। রোববার (৩০ আগস্ট) সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রাকিব হাওলাদার। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

রাকিব হাওলাদার জানান, উত্তর সুতালড়ী এলাকায় ৪৮ বিঘা জমির একটি মৎস্য ঘেরের দখল নিয়ে প্রায় এক বছর ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার মারপিট ও মামলা হয়েছে।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ওই ঘেরের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। এর দুদিন পর গভীর রাতে তার ও বড় ভাইয়ের যৌথ বসতঘরে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘের দখলসংক্রান্ত সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় রাকিব প্রধান আসামি। বসতঘরটি শত্রুতার কারণে পুড়িয়ে দেওয়া হয়েছে, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।