যশোরে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে যশোর শহরের হামিদপুর এলাকায় একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন বেনাপোল পোর্ট থানার বালুন্ডা এলাকার দক্ষিণ বারোপোতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রনি মাহমুদ (৩৫) এবং শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভিন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি Toyota X Corolla প্রাইভেট কার তল্লাশি করে ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
আটক দুই মাদক কারবারিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।