দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

23

মোংলা :

বাগেরহাটের মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইফা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইফা আক্তার মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রচণ্ড জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে ইফাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য একই দিন সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন জানান, রোববার সকালে নতুন করে আরও তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে গত ২৪ ঘণ্টায় মোট সাতজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, বর্তমানে গড়ে প্রতিদিন তিন থেকে পাঁচজন ডেঙ্গু রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছেন। ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।