খুলনা :
খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-মধ্য উপকূলীয় বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে “Adaptive Delta Management for Climate Resilient Agriculture and Food Security in South-West and South-Central Coastal Bangladesh (ADM-CRAFT)” শীর্ষক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডস রিসার্চ কাউন্সিল (এনডব্লিউও)-এর অর্থায়নে খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
ওয়ার্কশপে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে বাস্তবভিত্তিক গবেষণা ও ‘লিভিং ল্যাব’ ধারণা প্রতিষ্ঠার মাধ্যমে কৃষি, খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে কার্যকর সমাধান উদ্ভাবনই এ প্রকল্পের মূল লক্ষ্য।
প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় বাস্তবতার ভিত্তিতে গবেষণা পরিচালনা এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ প্রকল্প সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, অভিযোজনভিত্তিক ডেল্টা ব্যবস্থাপনার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এডিএম-ক্রাফট প্রকল্প দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান তৈরিতে সহায়ক হবে।
বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের ওয়াটার অ্যাফেয়ার্স বিষয়ক প্রতিনিধি মিসেস নিল্টিয়ে কিলেন বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ গবেষণা সহযোগিতার এ উদ্যোগ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং গবেষণার ফলাফল দীর্ঘমেয়াদে মানুষের কল্যাণে কাজে লাগবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পবিপ্রবির ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ, প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ড. কামরুল হাসান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন।
পরে প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় এবং মুক্ত আলোচনা পর্বে গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী ও কৃষি বিশেষজ্ঞরা জলবায়ু সহনশীল কৃষি, ডেল্টা ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তা নিয়ে মতবিনিময় করেন।
ওয়ার্কশপে খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চের শিক্ষক-গবেষক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা ও কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।