মোংলা :
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশুদের সুরক্ষা এবং তরুণদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে বাগেরহাটের মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী মোংলা উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) এ মেলার আয়োজন করে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, জেজেএসের প্রোগ্রাম ম্যানেজার নব কুমার সাহা, জেজেএসের হোমায়রা তাসনীম এবং উপজেলা ক্লাইমেট চিলড্রেন ফোরামের সভাপতি চয়ন মৃধাসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা ছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব নয়। সুন্দরবন রক্ষার পাশাপাশি প্রাণ ও প্রকৃতির সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং নিজেদের জলবায়ুযোদ্ধা হিসেবে প্রস্তুত করতে হবে।
দিনব্যাপী মেলায় শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া দুর্যোগ সহনশীল বিভিন্ন ডেমো প্রজেক্ট প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়াও প্রদর্শন করেন।
মেলার শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় শিশু-কিশোর এবং তরুণদের সচেতন ও দক্ষ করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।