দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান

“স্বপ্ন দেখো, বিশ্বাস রাখো, অর্জন করো”

54

খুলনা :

শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, ইতিবাচক চিন্তা, স্বপ্ন দেখার সাহস এবং ভবিষ্যৎ গড়ার মানসিকতা তৈরির লক্ষ্যে খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয়ে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয়ে সামাজিক সংগঠন SoulViva-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে ইতিবাচক ব্যক্তিগত বিকাশ ও অনুপ্রেরণামূলক কার্যক্রমে SoulViva-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মো. তারিকুল ইসলাম (তারেক)। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “আজকের সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ।” তাই শিক্ষাজীবন থেকেই সঠিক লক্ষ্য নির্ধারণ করে নিজেকে প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির বাবু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এছাড়া নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সভাপতি মাহবুবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন তালুকদার সোহাগ, উন্নয়নকর্মী সুজান্না লোপা বাড়ই, পূজা রানী সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বপ্ন, লক্ষ্য, আত্মবিশ্বাস, পরিশ্রম, মনোযোগ ও ইতিবাচক মানসিকতা নিয়ে জীবনমুখী আলোচনা করা হয়। বিভিন্ন বাস্তব উদাহরণের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত উন্নয়ন সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাদের মতামত ও ভবিষ্যৎ ভাবনা জানার সুযোগ তৈরি করা হয়। অনুষ্ঠান শেষে পরিবার ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মানসিক ও ব্যক্তিগত বিকাশে বিনিয়োগের মাধ্যমে একটি সুন্দর ও ইতিবাচক সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই ভবিষ্যতে স্কুল, কলেজ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য মোটিভেশনাল সেশন, জীবনদক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং ইতিবাচক জীবনচর্চামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে SoulViva।

অনুষ্ঠানের মূল বার্তা ছিল—“স্বপ্ন দেখো, বিশ্বাস রাখো, অর্জন করো” এবং “আজকের সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ।”