দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এমপি সাবেরা সুলতানা

25

বেনাপোল :

যশোর-১ (শার্শা) আসনের উন্নয়ন তদারকির দায়িত্ব পাওয়ার পর বেনাপোল পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা সুলতানা।

সোমবার (৬ জুলাই) বিকেলে বেনাপোল পৌর বিএনপির আয়োজনে পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাবেরা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করা হবে। শার্শা ও বেনাপোল এলাকার চলমান এবং ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডের সুষ্ঠু তদারকি নিশ্চিত করার পাশাপাশি জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা এবং সেবার মান নিশ্চিত করাই হবে তাঁর অগ্রাধিকার। এলাকার মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

সভায় বেনাপোল পৌর বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এলাকার উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।