দৈনিক খুলনা
The news is by your side.

সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হলেই দেশের সামগ্রিক পরিবর্তন সম্ভব-হুইপ রকিবুল ইসলাম

26

নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার বর্ণাঢ্য আয়োজনে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, সমবায় পণ্য মেলা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। তিনি বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হলেই দেশের সামগ্রিক পরিবর্তন সম্ভব। সমবায়ের মাধ্যমে দেশ গড়ার অপার সম্ভাবনা রয়েছে। প্রতিকূল পরিবেশে টিকে থেকে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার অন্যতম হাতিয়ার সমবায়ের মূলনীতি। সমবায়ের দর্শন হলো কাউকে পিছিয়ে না রেখে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।

তিনি আরও বলেন, সমবায়ীদের সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে। তরুণ-তরুণীদের চাকরির আশায় বসে না থেকে সমবায়ের মাধ্যমে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, পুলিশ সুপার সরকার ওমর ফারুক, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. নূরুন্নবী। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

আলোচনা সভায় জানানো হয়, খুলনা জেলায় বর্তমানে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা ২ হাজার ১৯টি। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার সাতটি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে দিবসটির আয়োজন করে।