দৈনিক খুলনা
The news is by your side.

বিমানবন্দরের অকশনের নামে ৩১ লাখ টাকা প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

20

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অকশন (নিলাম) বিভাগের ম্যানেজার পরিচয় দিয়ে কম মূল্যে আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার ব্যক্তি মো. ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদার (২৮)। সোমবার (৬ জুলাই) গভীর রাতে রাজধানীর উত্তর বাড্ডার কমিশনার গলি এলাকা থেকে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার (৭ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, প্রতারক চক্রটি নিজেদের বিমানবন্দরের অকশন বিভাগের কর্মকর্তা ও অপারেশন ম্যানেজার পরিচয় দিয়ে ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। পরে তারা বাজারমূল্যের চেয়ে কম দামে আইফোন, স্যামসাং মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের প্রলোভন দেখায়।

বিশ্বাস অর্জনের জন্য চক্রটি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএবি), সরকারি অনুমোদনপত্র, পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন জাল নথিপত্র ব্যবহার করে। এসব দেখে ভুক্তভোগী ১১০টি আইফোন, ৭০টি স্যামসাং মোবাইল ও ৫৪৩টি ল্যাপটপ কেনার জন্য বিভিন্ন ধাপে দুটি ব্যাংক হিসাব ও তিনটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে মোট প্রায় ৩০ লাখ ৮৭ হাজার টাকা পাঠান।

অর্থ গ্রহণের পর প্রতারক চক্রটি কোনো পণ্য সরবরাহ না করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে ভুক্তভোগী গত ২২ জুন পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

গ্রেফতারের সময় ইব্রাহিমের কাছ থেকে একটি আইফোন, বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি মোবাইল ফোন এবং সাতটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

সিআইডি জানায়, প্রাথমিক তদন্তে প্রতারক চক্রটির আরও সদস্য, ব্যবহৃত ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, সিআইডি আরও জানায়, গ্রেফতার ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদার রাজধানীর ভাটারা থানার একটি ডিজিটাল প্রতারণা মামলার চার্জশিটভুক্ত আসামি। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।