দৈনিক খুলনা
The news is by your side.

শিশু মাহফুজ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

23

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আট বছর বয়সী শিশু মাহফুজকে অপহরণ ও হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামাল শেখ, শামীম শেখ ও রঞ্জু শেখ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মাহমুদা খানম উষা ও বিল্লাল শেখ। আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ৫ জুলাই সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের বাড়ি থেকে ভাটিয়াপাড়া রেলওয়ে জামে মসজিদে যাওয়ার পথে মাহফুজকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে শিশুটিকে প্রায় দেড় মাস আটকে রাখার পর ২০১২ সালের ২০ আগস্ট রাতে শ্বাসরোধে হত্যা করা হয়।

তদন্তে জানা যায়, হত্যার পর মাহফুজের মরদেহ পরিবারের বাড়ির পাশের একটি মেহগনি বাগানে ফেলে রাখা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ইতালিপ্রবাসী বাবার পরিবারের সঙ্গে আসামিদের পূর্বশত্রুতার জের ধরেই এ অপহরণ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ঘটনার পর ২০১২ সালের ৬ জুলাই মাহফুজের মা স্বপ্না বেগম কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২০ নভেম্বর তদন্ত কর্মকর্তা এসআই নিজাম শিকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি ২০১৩ সালের ২২ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ স্থানান্তর করা হয়। ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ২৫ জনের মধ্যে ২৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। অন্যদিকে আসামিপক্ষ আটজন সাফাই সাক্ষী উপস্থাপন করে।

এ মামলার দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার পৃথকভাবে সম্পন্ন হয়। তাদের ২০২৫ সালের ৯ নভেম্বর ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়েছিল।