দৈনিক খুলনা
The news is by your side.

বাসা থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

24

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ডেকে নিয়ে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।

খোরশেদের মৃত্যুর পর হাসপাতাল এলাকায় তার স্ত্রী, মেয়ে ও স্বজনদের আহাজারি করতে দেখা যায়। তারা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।

নিহত খোরশেদ দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় একজন মাটি ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, খোরশেদ মাটির ব্যবসা করতেন। বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তারা দৌড়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, ওয়ালিদ নামে প্রতিপক্ষের একজন তাকে গুলি করেছেন। মাটির ব্যবসাকে কেন্দ্র করে ওয়ালিদ এর আগেও বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছেন বলে তারা অভিযোগ করেন।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার জহুরুল ইসলাম রনি বলেন, খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে তিনি মারা গেছেন। তার শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বলেন, খোরশেদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।