দৈনিক খুলনা
The news is by your side.

গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

32

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় হামিম মল্লিক (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের ফুকরার ‘মিল্টন বাজার’ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হামিম মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের গদাইখালি (মল্লিক বাড়ি) গ্রামের ইলিয়াছ মল্লিকের ছেলে। তিনি গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকামুখী একটি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মিল্টন বাজার এলাকায় পৌঁছালে ‘দোলা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। বাসের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক হামিমের মৃত্যু হয়।

 

খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ও কাসিয়ানী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. আজাদুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।