দৈনিক খুলনা
The news is by your side.

ফুলতলায় প্রণোদনার সার, বীজ ও গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

24
 ফুলতলা :

“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ফুলতলা উপজেলায় কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনার আওতায় সার, বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফ হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা

অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলার ৩০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উচ্চ ফলনশীল (উফশী) রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি (DAP) সার এবং ১০ কেজি এমওপি (MoP) সার বিতরণ করা হয়েছে।

এছাড়া ৫২০ জন কৃষক-কৃষাণীর মধ্যে সাত ধরনের সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষকদের মধ্যে ২ হাজার ৮০০টি নারকেল চারা, ৯৪০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রতিটি চারার সঙ্গে একটি করে বাঁশের খুঁটি এবং ৫ কেজি জৈব সারও প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আরিফ হোসেন বলেন, কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষি বিভাগ নিয়মিত প্রণোদনা, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছে। বিতরণ করা বীজ, সার ও চারাগুলো যথাযথভাবে ব্যবহার করলে কৃষকরা উপকৃত হবেন এবং উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।