দৈনিক খুলনা
The news is by your side.

খালিশপুরে বিসিডিএস থানা শাখার মতবিনিময় সভা

26
খুলনা :

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) খালিশপুর থানা শাখার উদ্যোগে ওষুধ ব্যবসার মানোন্নয়ন, আইনানুগ কার্যক্রম পরিচালনা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টায় খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুট মিলস অফিসার্স ক্লাবে আয়োজিত এ সভায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা, বিসিডিএসের জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকার বৈধ ওষুধ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি খালিশপুর থানা শাখার সভাপতি মো. নূরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় খুলনার উপপরিচালক মো. আব্দুল বারী

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় বৈধ ও মানসম্মত ওষুধ বিক্রির বিকল্প নেই। ভেজাল ও নকল ওষুধ প্রতিরোধে সকল ওষুধ ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। একই সঙ্গে জনগণকে নিরাপদ ও কার্যকর ওষুধ সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

খালিশপুর থানা শাখার সাধারণ সম্পাদক এস এম সাইফুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম, ঔষধ তত্ত্বাবধায়ক মো. সাদ্দাম হোসেন, বিসিডিএস খুলনা জেলা শাখার আহ্বায়ক খাঁন মাহাতাব আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক খাঁন সাইফুল ইসলাম

বক্তারা বলেন, বৈধ ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধ এবং ওষুধ বিপণনে শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিসিডিএস খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ, খালিশপুর থানার বৈধ ওষুধ ব্যবসায়ী, দৌলতপুর, খানজাহান আলী, ফুলতলা ও দিঘলিয়া থানা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে উপস্থিত কেমিস্টরা ওষুধ ব্যবসার বিভিন্ন সমস্যা, লাইসেন্স নবায়ন, বাজার ব্যবস্থাপনা, নিরাপদ ওষুধ সরবরাহ এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। সভা শেষে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বৈধ ও সুশৃঙ্খল ওষুধ ব্যবসা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।