দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে দুই নারীর বসতঘরে আগুন, তিনটি ঘর পুড়ে ছাই

22

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা গ্রামে দুই নারীর বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ঘরসহ নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, সেলাই মেশিন ও আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে দুই পরিবারের ১০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোচলা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হোচলা গ্রামের মৃত সুভাষ মণ্ডলের স্ত্রী শীলা মণ্ডল ও কৃষ্ণপদ মণ্ডলের স্ত্রী দোলা মণ্ডলের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শীলা মণ্ডল ও দোলা মণ্ডলের তিনটি ঘর এবং ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, সেলাই মেশিনসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুনের অবশিষ্ট অংশ নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত শীলা মণ্ডল ও দোলা মণ্ডল বলেন, “ভয়াবহ আগুনে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের কোনো মালামালই রক্ষা করতে পারিনি। এতে ১০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।”

ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া বলেন, “আগুন লাগার খবর দেরিতে পাওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। আগুনে তিনটি ঘরের সবকিছু পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”