দৈনিক খুলনা
The news is by your side.

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

30

সাতক্ষীরা :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আকস্মিকভাবে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস প্রদান করেন।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে মন্ত্রী প্রথমে হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করেন। রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করতে তিনি নিজেই খাবার চেখে দেখেন। পরে মহিলা ও পুরুষ ওয়ার্ড, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), অফিস কক্ষ, ওয়াশরুম এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক সেবার মান সম্পর্কে তাদের মতামত নেন। এছাড়া হাসপাতালের পুকুর ও চত্বর ঘুরে স্থানীয় জনগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে হাসপাতালের সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি হাসপাতালের এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি ওয়াশরুমসহ চলমান সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের তদারকি বাড়ানোর নির্দেশ দেন। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি দেশের স্বাস্থ্যখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে।

তিনি আরও বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। এ লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কার্যক্রম শুরু করা হবে।

মন্ত্রী জানান, হাসপাতালটিতে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট একটি আধুনিক ভবন নির্মাণ করা হবে। নতুন ভবনে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার (ব্রেস্ট ফিডিং কর্নার) এবং ট্রমা সেন্টার স্থাপন করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিজুল হক (লিটু), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।