দৈনিক খুলনা
The news is by your side.

গেটপাস জটিলতায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ

25

বেনাপোল : 
গেটপাস (কারপাস) সংক্রান্ত জটিলতার কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা নতুন দায়বদ্ধতার শর্ত প্রত্যাখ্যান করে রোববার (২৬ জুলাই) সকাল থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের গেটপাস (কারপাস) প্রদান বন্ধ করে দেন। ফলে বন্দর দিয়ে আমদানি বাণিজ্য সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, এতদিন তারা কোনো অবৈধ পণ্যের দায়ভার না নিয়েই ভারতীয় আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের কারপাস প্রদান করে আসছিলেন। তবে শনিবার কাস্টমস কর্তৃপক্ষ নতুন নির্দেশনা জারি করে জানায়, সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধিকে ট্রাক গ্রহণের পাশাপাশি ট্রাকে কোনো অবৈধ মালামাল থাকলে তার দায়ও বহন করতে হবে। এই শর্ত মেনে নেওয়া সম্ভব নয় বলে সিঅ্যান্ডএফ এজেন্টরা আমদানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

বেনাপোল আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, ভারতীয় রপ্তানিকারকরা পণ্য পাঠান এবং পণ্যের প্রকৃত অবস্থা সম্পর্কে তারাই অবগত থাকেন। এছাড়া পথিমধ্যে ট্রাকে কোনো অবৈধ মালামাল যুক্ত হলে তার দায়ভার কোনো সিঅ্যান্ডএফ এজেন্ট বা তাদের কর্মচারীদের ওপর চাপানো যৌক্তিক নয়। কাস্টমসের নতুন সিদ্ধান্তের প্রতিবাদেই আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামিম হোসেন জানান, গেটপাস (কারপাস) জটিলতার কারণে সকাল থেকে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি এবং বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।