দৈনিক খুলনা
The news is by your side.

ঢাকায় পৌঁছেই জুবাইদা রহমানের সঙ্গে দেখা করলেন ডাচেস সোফি

26
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। সোমবার (৯ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর পরই ডা. জুবাইদা রহমানের সঙ্গে দেখা করেন ডাচেস সোফি।

ঢাকার ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত এ সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এ সময় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন ডাচেস অব এডিনবার্গ।

সফরকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন ডাচেস সোফি। এ উদ্দেশ্যে তার কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন তিনি।