দৈনিক খুলনা
The news is by your side.

গোবিপ্রবির নতুন উপাচার্য হলেন খুবির প্রফেসর ড. মো. নাজমুস সাদাত

39

খুলনা : 
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য তাঁর এ নিয়োগের তথ্য জানানো হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০১৫)-এর ১০(১) ধারা অনুযায়ী এ নিয়োগ কার্যকর হবে।

ড. নাজমুস সাদাত খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক এবং ছাত্রবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ থেকে দ্বিতীয় স্নাতকোত্তর এবং জার্মানির Georg-August University of Göttingen থেকে পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

দুই দশকেরও বেশি সময়ের শিক্ষকতা ও গবেষণা অভিজ্ঞতার অধিকারী ড. সাদাত জলবায়ু পরিবর্তন, বন ও প্রকৃতি সংরক্ষণ, বন শাসন, বন পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ, কার্বন মূল্যায়ন, REDD+ এবং টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক।

তিনি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), GIZ, USAID, UN Women এবং US Forest Service (USFS)-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিচালিত একাধিক গবেষণা ও উন্নয়ন প্রকল্পে টিম লিডার, প্রধান গবেষক ও কারিগরি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের Wildlife Advisory Board-এর সদস্য, আন্তর্জাতিক বন গবেষণা সংস্থা IUFRO-এর Community Forestry Working Party-এর ডেপুটি কো-অর্ডিনেটর, AAGUB-এর সাধারণ সম্পাদক এবং DAAD-এর বাংলাদেশ রিসার্চ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর গবেষণা নিবন্ধ Forest Policy and Economics, Land Use Policy, Global Ecology and Conservationসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেলেন।

এদিকে, তাঁর নিয়োগে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। পৃথক শুভেচ্ছা বার্তায় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অভিনন্দন জানিয়েছেন।