দৈনিক খুলনা
The news is by your side.

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক আন্তর্জাতিক ওয়ার্কশপ

32

খুলনা :
খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-মধ্য উপকূলীয় বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে “Adaptive Delta Management for Climate Resilient Agriculture and Food Security in South-West and South-Central Coastal Bangladesh (ADM-CRAFT)” শীর্ষক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে নেদারল্যান্ডসের রিসার্চ কাউন্সিল (NWO)-এর অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় অংশ নেয় খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস্তবতা বিবেচনায় উপকূলীয় প্রতিবেশ, জলবায়ু সহনশীলতা, কৃষি, পানি সম্পদ ও টেকসই উন্নয়ন বিষয়ে গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, গবেষণার লক্ষ্য শুধু নতুন জ্ঞান সৃষ্টি নয়, বরং সেই জ্ঞান মানুষের বাস্তব জীবনের সমস্যা সমাধানে কাজে লাগানো। এ লক্ষ্যেই খুলনা বিশ্ববিদ্যালয় ‘লিভিং ল্যাব’ ধারণার মাধ্যমে গবেষক, শিক্ষার্থী, স্থানীয় জনগোষ্ঠী ও নীতিনির্ধারকদের একত্রে কাজ করার পরিবেশ তৈরি করছে।

তিনি আশা প্রকাশ করেন, ADM-CRAFT প্রকল্প উপকূলীয় অঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি, খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ কারণে অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং বাস্তুতন্ত্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, স্থানীয় মানুষের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে কার্যকর সমাধান উদ্ভাবন করাই এ প্রকল্পের মূল লক্ষ্য হওয়া উচিত।

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে কৃষি, খাদ্য নিরাপত্তা ও মানুষের জীবিকা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। অভিযোজনভিত্তিক ডেল্টা ব্যবস্থাপনার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান গড়ে তুলতে ADM-CRAFT গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের ওয়াটার অ্যাফেয়ার্স প্রতিনিধি মিসেস নিল্টিয়ে কিলেন বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ গবেষণা সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ এই প্রকল্প। গবেষণার ফলাফল যেন দীর্ঘমেয়াদে মানুষের কল্যাণে কাজে লাগে, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য দেন প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর (পিআই) প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন। প্রকল্পের পরিচিতি তুলে ধরেন কো-পিআই প্রফেসর ড. কামরুল হাসান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কো-পিআই প্রফেসর ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন।

উদ্বোধনী পর্ব শেষে প্রকল্পের চিফ ইনভেস্টিগেটর প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন কী-নোট পেপার উপস্থাপন করেন। পরে মুক্ত আলোচনা পর্বে গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী সংস্থা ও অংশীজনরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ডেল্টা ব্যবস্থাপনা, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

ওয়ার্কশপে খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চের শিক্ষক-গবেষক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।