বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য আধুনিক চারতলা ডাকবাংলো ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। উদ্বোধন শেষে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর রহমান আলম, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সোমনাথ দে, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক কর্মীসভায় অংশ নেন। সভায় তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।