দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

30

খুলনা

খুলনা নগরীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে নগরীর হরিণটানা থানাধীন নিজ খামার এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের সনাতনকাঠি গ্রামের শেখপাড়া এলাকার বাসিন্দা শেখ ওবায়দুল হকের ছেলে মো. শেখ দিদারুল হক (৩০) এবং একই উপজেলার বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা বিনোধর হোরের ছেলে তাপস হোর ওরফে সুনু হোর (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ইজিবাইকটি যাত্রী নিয়ে নিজ খামার এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন আরও দুইজন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাদের চিকিৎসা চলছে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।