খুলনা :
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্থাপিত নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ল্যাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিনে তথ্যপ্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, এই কম্পিউটার ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা ও গবেষণায় আরও দক্ষ হয়ে উঠবে এবং তাদের সফট স্কিল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নবীউল ইসলাম খান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. গোলাম রাক্কিবু, অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিকসহ ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা।
নতুন এই কম্পিউটার ল্যাবের মাধ্যমে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি, গবেষণা ও আধুনিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।