দৈনিক খুলনা
The news is by your side.

নির্ধারিত সময়ের একদিন আগেই দেলভাষানি সরকারি খাল অবমুক্ত

21
বাগেরহাট :

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেলভাষানি সরকারি খাল নির্ধারিত সময়ের একদিন আগেই অবমুক্ত করেছেন দখলকারীরা। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা খালটি উন্মুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৯ জুলাই) সকালে স্থানীয় যুবদল নেতা শেখ সাইফুজ্জামান মনার নেতৃত্বে খালের ওপর নির্মিত পাটা ও বাঁধ অপসারণ করা হয়। এ সময় দখলকারীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ জুলাই বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন খালটি অবমুক্ত করতে গেলে স্থানীয়রা কিছুদিন সময়ের আবেদন জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে ২০ জুলাই পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার একদিন আগেই দখলকারীরা স্বেচ্ছায় খালটি অবমুক্ত করেন।

দীর্ঘদিন ধরে সরকারি এ খালটি দখলমুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। খালটি উন্মুক্ত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয়দের দাবি, শুধু দেলভাষানি খাল নয়, এলাকার যেসব সরকারি খাল অবৈধভাবে দখল করে মাছের ঘের করা হয়েছে, সেগুলোও দ্রুত দখলমুক্ত করতে হবে।

তাদের মতে, খালগুলোর স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টিপাত, জোয়ার কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময়ও জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং আশপাশের এলাকার মানুষ দীর্ঘসময় পানিবন্দি অবস্থায় থাকেন।

স্থানীয়রা সরকারি সব খাল দ্রুত দখলমুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।