খুলনা :
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নিরালা-২ আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পের জন্য বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের খোলাবাড়িয়া মৌজায় ভূমি অধিগ্রহণের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে থ্রি-লিংক রোড প্রকল্পের নিরালা এলাকার ৬০ ফুট সড়কে ‘খোলাবাড়িয়া ভূমি রক্ষা কমিটি’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ভূমি রক্ষা কমিটির সভাপতি নাজমুল কবির সাদী। বক্তব্য দেন কমিটির সদস্য সচিব সেলিনা ইয়াসমিন, শিক্ষাবিদ অধ্যাপক সেলিমসহ স্থানীয় ভুক্তভোগীরা।
বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালে একই এলাকায় ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয়দের আপত্তির মুখে তা বাস্তবায়ন হয়নি। তবে সম্প্রতি আবারও একই এলাকায় ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সমাবেশে বক্তারা কেডিএর পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ ও অনিয়মের অভিযোগ তুলে দাবি করেন, স্থানীয়দের নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না দিলেও একই দাগে অন্য একজনকে এনওসি প্রদান করা হয়েছে। তারা বিষয়টি তদন্তের দাবি জানান।
প্রতিবাদ সমাবেশ থেকে কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনার প্রতি ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে স্থানীয়দের কৃষিজমি ও বসতভিটা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভূমি অধিগ্রহণের উদ্যোগ বাতিল না হলে স্থানীয় জনগণ আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
তবে এ বিষয়ে কেডিএ বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।