দৈনিক খুলনা
The news is by your side.

উৎসবমুখর পরিবেশে খুলনা কর আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

48

খুলনা:

উৎসবমুখর পরিবেশে খুলনা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টায় নগরীর বয়রাস্থ কর ভবনে সমিতির নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী সভাপতি জিএম গোলাম রসুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত কার্যকরী সদস্য অ্যাড. এম হারুন-অর-রশিদ ও মো. নজরুল ইসলাম হাওলাদার।

অনুষ্ঠানের শুরুতে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাড. মো. আওরঙ্গজেব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. মো. মুজিবর রহমানের কাছে। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটি আগামী মেয়াদের কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। হস্তান্তর শেষে তারা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ-সভাপতি মো. সাঈদ আহমেদ, পাঠাগার সম্পাদক শরিফুল ইসলাম, ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক জি এম সোহাগ, কার্যকরী সদস্য রোকেয়া পারভীন মুক্তা এবং সমিতির সদস্য অ্যাড. মো. নজরুল ইসলাম মোল্লা, কাজী মো. মাসুদুল হক, অ্যাড. শেখ আবুল কাশেম, মো. মহাসিন কবির দুলু, দিবা, আবু বক্কর, মো. শওকত আলম, রুহিদাস কুন্ডু, আসাফুর রহমান কাজলসহ সমিতির অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সমিতির ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। নতুন কমিটির নেতৃত্বে খুলনা কর আইনজীবী সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সমিতির ২০২৬ সালের নির্বাচনী তফসিল অনুযায়ী গত ১২ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। আপত্তি নিষ্পত্তির পর ১৯ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। এরপর মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে ৫ মে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। সর্বশেষ গত ২৪ মে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।