সাতক্ষীরা প্রতিনিধি: দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।
গবেষণা সংস্থা ডিআরডিএফ এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন ও লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলীয় এলাকার মানুষ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র বলেন, উপকূলের জীবন-জীবিকা রক্ষায় সরকার, প্রশাসন ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ জরুরি। মূল প্রবন্ধে ডিআরডিএফ সভাপতি ও গবেষক মীর মোহাম্মদ আলী জেলে ও উপকূলবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বরাদ্দের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, আশ্রয়কেন্দ্র উন্নয়ন এবং মৎস্যসম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।