বেনাপোল :
বেনাপোল বন্দরের টিটিআই মাঠে ভারতীয় খালি ট্রাক স্কেলিংয়ের সময় ‘বকশিশ’ নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ট্রাকপ্রতি ১০০ থেকে ২০০ টাকা করে আদায় করা হচ্ছে, যা নিয়ে ট্রাকচালকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, পণ্য খালাস শেষে ভারতে ফেরত যাওয়ার সময় টিটিআই মাঠের ৪ ও ৫ নম্বর ওজন স্কেলে খালি ট্রাকের কাছ থেকে এ অর্থ নেওয়া হচ্ছে। এ ঘটনায় বন্দরের ওয়ারহাউস সুপারিনটেনডেন্ট সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০টি ভারতীয় খালি ট্রাক বেনাপোল বন্দর দিয়ে ভারতে ফিরে যায়। ট্রাকপ্রতি ১০০-২০০ টাকা আদায় করলে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব হয়।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়ারহাউস সুপারিনটেনডেন্ট সোহেল রানা বলেন, ভারতীয় ট্রাকচালকরা স্বেচ্ছায় খুশি হয়ে এ টাকা দিয়ে থাকেন।
একজন ভারতীয় ট্রাকচালক অভিযোগ করেন, টাকা না দিলে দীর্ঘ সময় ট্রাক আটকে রাখা হয়। ফলে বাধ্য হয়েই তারা অর্থ প্রদান করেন।
এ বিষয়ে বেনাপোল বন্দরের সহকারী পরিচালক ওবাইদুর রহমান বলেন, খালি ট্রাক ওজনের বিনিময়ে অর্থ নেওয়ার কোনো বৈধতা নেই। কেউ বকশিশ বা অন্য কোনো নামে অর্থ আদায় করলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Recover your password.
A password will be e-mailed to you.