দৈনিক খুলনা
The news is by your side.

আলমগীর হোসেনের জানাজায় শোক প্রকাশ করলেন এস এম মনিরুল হাসান বাপ্পী

45

খুলনা :
খুলনা জেলা পরিষদের নৈশপ্রহরী মো. আলমগীর হোসেন (৫৩) দীর্ঘদিন অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে খুলনা জেলা পরিষদে শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (৫ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা পরিষদ চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মরহুমের সহকর্মীরা অংশ নেন। জানাজা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান, জেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং অত্র অঞ্চলের সুধীজন।

জানাজা শেষে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, আলমগীর হোসেন ছিলেন একজন দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান কর্মচারী। দীর্ঘদিন ধরে তিনি আন্তরিকতার সঙ্গে জেলা পরিষদে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যু জেলা পরিষদ পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

সহকর্মীরাও জানান, আলমগীর হোসেন কর্মজীবনে অত্যন্ত পরিশ্রমী ও বিনয়ী মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। কর্মস্থলে দায়িত্ব পালনে তিনি সবসময় আন্তরিক ছিলেন এবং সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন। তাঁর অকাল প্রয়াণে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন আলমগীর হোসেনকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।