দৈনিক খুলনা
The news is by your side.

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে খুবি উপাচার্যের মতবিনিময় সভা

107

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড, ইউজিসি অ্যাওয়ার্ড ও বিইউএস-ইউএসডিএ অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক এবং চলমান বিইউএস-ইউএসডিএ প্রকল্পের শিক্ষকবৃন্দের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

সভায় অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মেধা, প্রজ্ঞা ও সৃজনশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উপাচার্য বলেন, বিভিন্ন মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার গৌরবময় স্বীকৃতি এবং এটি সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণার এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষকদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বর্তমান যুগ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর যুগ। গবেষণায় এআই-এর ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে একটি এআই নীতিমালা (AI Policy) প্রণয়ন করা প্রয়োজন।

মতবিনিময় সভায় শিক্ষকরা অথর সার্ভিস ইউনিট চালু, স্কোপাস ইনডেক্সিং, আন্তঃবিশ্ববিদ্যালয় গবেষণা সহযোগিতা (Inter-University Collaboration), গবেষণা তহবিল বৃদ্ধি এবং গবেষণার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।