খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা। হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বুধবার (১৫ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা ঘটনার দ্রুত রহস্য উদ্ঘাটনের দাবি জানান।
এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে আব্দুল জলিলের দোকানের সামনে এ গুলির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো ওই রাতে কয়েকজন সাংবাদিক কাজ শেষে সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি একটি চেয়ারের পায়ে বিদ্ধ হয়। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হলেও গুলির ছররার আঘাতে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড-এর খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ সামান্য আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এস এ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান ও খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড-এর খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ, দৈনিক খুলনাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরসহ আরও কয়েকজন সাংবাদিক।
এস এ টিভির প্রতিনিধি রকিবুল ইসলাম মতি জানান, তারা কয়েকজন সাংবাদিক আড্ডা দিচ্ছিলেন, এমন সময় দুই যুবক এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
দৈনিক খুলনাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীর বলেন, দুর্বৃত্তদের ছোড়া গুলিটি একটি চেয়ারে বিদ্ধ হয়। গুলির স্প্লিন্টারের আঘাতে সাংবাদিক আওয়াল শেখের বুকে সামান্য আঘাত লাগে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ফায়ার করা বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে হামলাকারীদের দ্রুত গ্রেফতার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা ও সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন।
পরে দুপুর ১টায় খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে এমইউজে খুলনার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। সভায় সাংবাদিক নেতারা হামলার ঘটনার দ্রুত তদন্ত, দোষীদের শনাক্ত ও গ্রেফতার এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের দাবি জানান। পুলিশ কমিশনার ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনায় খুলনার সাংবাদিক সমাজে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।