দৈনিক খুলনা
The news is by your side.

অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে সড়কে প্রাণ গেল বাবার

16

পাইকগাছা :

খুলনার পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আইজুর রহমান জোয়াদ্দার (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সিজার হওয়া অসুস্থ মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পাইকগাছা-কয়রা সড়কের শিববাড়ী ব্রিজ সংলগ্ন ফ্যান্টাসি গার্ডেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইজুর রহমান উপজেলার আলমতলা গ্রামের মৃত সামছুর রহমান জোয়াদ্দারের ছেলে।

নিহতের বড় ভাই মো. সাঈদ আলী জানান, হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ মেয়েকে দেখে নিজ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আইজুর রহমান। পথিমধ্যে মোটরসাইকেলের জ্বালানি শেষ হয়ে গেলে তিনি সেটি ঠেলে বাড়ির উদ্দেশ্যে হাঁটছিলেন। এ সময় দ্রুতগতির একটি হলুদ রঙের সুজুকি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক স্থানীয় লোকজন জড়ো হওয়ার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আইজুর রহমানকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রান্ত সরদার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালককে শনাক্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।