দৈনিক খুলনা
The news is by your side.

কালিগঞ্জে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

12

সাতক্ষীরা :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে পিয়ার আলী গাজীর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিনের অনুসন্ধান শেষে শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত পিয়ার আলী গাজী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে কালিন্দী নদীতে যান তিনি। নির্ধারিত সময় পার হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নদীর বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, বিশেষ ডুবুরি দল এবং স্থানীয় শতাধিক মানুষ নদী ও আশপাশের এলাকায় যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। সারাদিনের তল্লাশির পরও সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

অবশেষে শুক্রবার রাত প্রায় ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় মাছ ধরার সময় এক জেলের নজরে একটি মরদেহ ভেসে ওঠে। বিষয়টি তিনি নিহতের ছেলে আব্দুস সবুরকে জানালে তিনি স্বজনদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি পিয়ার আলী গাজীর বলে শনাক্ত করেন।

ঘটনায় বসন্তপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার পর স্বজনরা প্রিয় মানুষটিকে ফিরে পেলেও তা ছিল নিথর দেহে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।