দৈনিক খুলনা
The news is by your side.

২১ জেলায় বিদ্যুৎ সিবিএর গেট সভা, ১ জুলাই খুলনায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা

29

খুলনা :
ওজোপাডিকোর আওতাধীন ২১ জেলায় পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গেট সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। একই সঙ্গে আগামী ১ জুলাই খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত গেট সভায় নেতারা অভিযোগ করেন, গত ৭ মে ২০২৬ তারিখে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কর্তৃপক্ষের কাছে ১২ দফা দাবিসহ শিল্প বিরোধ উত্থাপন করা হলেও বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা করা হয়নি।

তাদের দাবি, শিল্প বিরোধ উত্থাপনের পর ১৫ দিনের মধ্যে আলোচনায় বসার বিধান থাকলেও এক মাস ২০ দিন পার হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। এতে শ্রম আইন লঙ্ঘন এবং শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি অবহেলা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

নেতারা আরও বলেন, আগামী ৩০ জুনের মধ্যে আলোচনার উদ্যোগ না নিলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ জুলাই সকাল ১১টায় খুলনার বয়রাস্থ বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

খুলনা-১, ২, ৩, ৪ ও ৫ নম্বর বিক্রয় ও বিতরণ বিভাগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত গেট সভায় বক্তব্য দেন বিদ্যুৎ সিবিএ ইউনিয়নের সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, সহ-সভাপতি কাজী আলী আহসান সানি ও হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক মো. আলী হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা সম্পাদক জাকির হাসান এবং খুলনা জেলা শাখার সভাপতি মোহাম্মদ জাকির আলম খান ও সাধারণ সম্পাদক মো. কালাম।

এছাড়া পিচরেট কর্মচারী কল্যাণ সমিতি এবং লাইন সহায়তাকারী সমিতির নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশ নেন।