খুলনা :
খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে “কাজী ইমদাদুল হকের সাহিত্যকর্ম: দিক ও দর্শন” শীর্ষক এক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর একাডেমিক ভবনের মাল্টিপারপাস কক্ষে এ সেমিনারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, কাজী ইমদাদুল হক বিংশ শতাব্দীর বাঙালি মুসলিম সাহিত্যিকদের অন্যতম। সাহিত্য, সাংবাদিকতা ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান বাঙালি মুসলিম সমাজের সামাজিক ও শিক্ষাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। তিনি বলেন, কাজী ইমদাদুল হক খুলনা অঞ্চলের কৃতী সন্তান এবং তাঁর “আবদুল্লাহ” উপন্যাসে তৎকালীন মুসলিম সমাজের বাস্তব চিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে।
বাংলা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. দুলাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ বক্তা ছিলেন বাংলা একাডেমির গ্রন্থাগারিক (চলতি দায়িত্ব) ও “উত্তরাধিকার” পত্রিকার সহকারী সম্পাদক আসাদ আহম্মেদ।
সেমিনারে কাজী ইমদাদুল হকের সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রফেসর ড. শেখ রজিকুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. ইমরান কামাল। প্রবন্ধ উপস্থাপন করেন ড. আসমা ইয়াসমীন রুনা ও অন্তরা বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন বিপ্লব রায় এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শাকিলা আলম।
দিনব্যাপী আয়োজিত এ সেমিনারে কলা ও মানবিক স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।